Home অটোমোবাইলস বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভিমোটোর দুটি নতুন ইলেকট্রিক স্কুটার। এর একটি হলো সিইউ ডুকাটি এডিশনের একটি ইলেকট্রিক বাইক। অন্যটি ভিমোটো সিইউ মিনি। ভিমোটোর সিইউ ডুকাটি এডিশনের নতুন এই ইলেকট্রিক বাইকটি বিশ্বখ্যাত ইতালীয় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটির সঙ্গে আনুষ্ঠানিক লাইসেন্সিং সহযোগিতায় তৈরি একটি বিশেষ সংস্করণ। অন্যদিকে ভিমোটো সিইউ মডেলের আরও ছোট, হালকা ও শহুরে যাতায়াতকেন্দ্রিক সংস্করণ। একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই স্কুটার।

সিমবা মটরসের হাত ধরে বাংলাদেশে ভিমোটোর এই স্কুটার উন্মোচন করা হয়েছে। ভিমোটোর স্কুটার বিক্রি কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবাও প্রদান করবে সিমবা মটরসের
নতুন উন্মোচন হওয়া সিইউ ডুকাটির রেসিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত রং, গ্রাফিক ডিজাইন ও স্পোর্টি উপস্থিতি স্কুটারটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। পরিবেশবান্ধব নগরযাত্রার পাশাপাশি যারা প্রিমিয়াম ও রেসিং অনুপ্রাণিত নকশা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সংযোজন। সিইউ ডুকাটি এডিশনের নতুন এই ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার, মোটরের সর্বোচ্চ ক্ষমতা ২ দশমিক ৩ কিলোওয়াট এবং একবার পূর্ণ চার্জে চলার সক্ষমতা সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এতে রয়েছে ৭২ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। এই ইলেকট্রিক বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।

অন্যদিকে ভিমোটো সিইউ মিনি সহজ পরিচালনা, যানজটে স্বচ্ছন্দ চলাচল এবং অল্প জায়গায় পার্কিং সুবিধার কারণে মডেলটি মূলত প্রতিদিনের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তৈরি, আগে ভিমোটো বাংলাদেশের লাইনআপে শুধু সিইউ মডেলটি যুক্ত ছিলো। ভিমোটো সিইউ মিনির সর্বোচ্চ কনফিগারেশনে রয়েছে ১ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার মোটর, ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি এবং এক চার্জে ৭০ কিলোমিটার চলার সক্ষমতা। এতে ব্যবহৃত ৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।

ভিমোটো ইউরোপের নাম্বার ওয়ান ইভি ব্র্যান্ড। বর্তমানে ৯০টির বেশি দেশে ভিমোটো তাদের তাদের ইলেকট্রিক পরিবেশবান্ধব বাইক নিয়ে গ্রাহকদের ইভি এক্সপেরিয়েন্স বদলে দিতে কাজ করছে। বাংলাদেশে ইতোমধ্যে ভিমোটোর বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার পাওয়া যাচ্ছে। বর্তমান মডেলগুলোর মধ্যে রয়েছে ভিমোটো টিসি, ভিমোটো টিএসএক্স, ভিমোটো সিইউ, ভিমোটো স্ট্রিট হান্টার, ভিমোটো সিটি এবং উচ্চক্ষমতা সম্পন্ন ভিমোটো স্ট্যাস। এছাড়া ইম্যাক্স সিরিজের ইম্যাক্স ৬০০, ইম্যাক্স এস৬০০, ইম্যাক্স এস৮০ এবং ইম্যাক্স এফএক্স মডেলও দেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন ডুকাটি এডিশন ও সিইউ মিনি যুক্ত হওয়ায় ভিমোটো বাংলাদেশের পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো।

Exit mobile version