বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে আসুস। “অলওয়েজ ইনক্রেডিবল” শিরোনামে একটি ইভেন্টে আসুস এআই-চালিত ল্যাপটপ উন্মোচন করেছে। নতুন চারটি ল্যাপটপ হলো আসুস জেনবুক ডুও, আসুস জেনবুক এস১৬, আসুস জেনবুক ১৪ এবং আসুস ভিভোবুক ১৬, যেগুলোর মূল্য যথাক্রমে ৪,৮২,৯৯০ টাকা, ২,৫৬,০০০ টাকা, ১,৫৩,০০০ টাকা এবং ১,২৯,০০০ টাকা। বাংলাদেশে আসুসের অনুমোদিত শোরুমগুলোতে এই নতুন ল্যাপটপগুলো পাওয়া যাবে।
আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের, আসুস কনজিউমার বিজনেসের জেনারেল ম্যানেজার পিটার চ্যাং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের কাজ, এবং সৃজনশীলতার ধরন বদলে দিচ্ছে, আমরা তা প্রতিনিয়ত দেখছি। আসুসের এই সর্বশেষ লাইনআপ সেই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। একইসাথে, বাংলাদেশে আসুসের সব ধরনের গ্রাহকদের জন্য উদ্ভাবনী ডিভাইস নিয়ে আসার লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং প্রযুক্তি-প্রেমীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
নতুন ডিভাইসগুলোর মধ্যে জেনবুক ডুও (২০২৬) ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল-স্ক্রিন ডিজাইন, যা একইসাথে একাধিক কাজ করতে সাহায্য করবে। এতে দুটি ফুল-সাইজ ডিসপ্লে রয়েছে, যার মধ্যে আছে থ্রিকে রেজল্যুশনের আসুস লুমিনা প্রো ওলেড ডিসপ্লে। কনটেন্ট তৈরি, গবেষণা, অফিসের কাজ বা মিটিংয়ের সময় কয়েকটি অ্যাপ একসাথে এতে ব্যবহার করা যাবে। আসুসের সেরালুমিনিয়ামে তৈরি হওয়ায় ল্যাপটপটি ওজনে হালকা এবং টেকসই। এই ল্যাপটপটি প্রফেশনাল, ক্রিয়েটর এবং যারা ভিন্নধর্মী ল্যাপটপ খুঁজছেন, এমন ইউজারদের জন্য উপযুক্ত।
জেনবুক এস১৬। ১৬-ইঞ্চি ওলেড ডিসপ্লেতে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। যারা বড় স্ক্রিনে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই ল্যাপটপটি উপযোগী। ওজনে হালকা হওয়ায় এটি বহনও করা যাবে সহজে। এই ল্যাপটপটিও আসুসের সেরালুমিনিয়াম দিয়ে ডিজাইন করা হয়েছে। এএমডির সর্বশেষ প্রসেসরের এই ল্যাপটপটি অফিসের কাজ, বিনোদন, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।
এবারের লাইনআপে আরও রয়েছে জেনবুক ১৪। পারফরম্যান্স, বহনযোগ্যতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চায় এমন ইউজারদের জন্য এটি উপযোগী। এএমডি রাইজেন এআই প্রসেসরে এই ল্যাপটপটি দৈনন্দিন কাজের পাশাপাশি নতুন এআই-ভিত্তিক কাজও সহজে সামলাতে পারে। এতে রয়েছে ১৪-ইঞ্চির আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এর সর্বোচ্চ থ্রিকে রেজল্যুশন থাকায় এর ভিজ্যুয়ালও উজ্জ্বল।
পাশাপাশি আসুসের ভিভোবুক ১৬ (২০২৬) ল্যাপটপটি ইউজারদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বড় ডিসপ্লে, হালকা ডিজাইন এবং প্রোডাক্টিভিটিকে গুরুত্ব দিয়ে এই এআই-পাওয়ারড ল্যাপটপটি তৈরি করা হয়েছে।
