বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ (বিডিনগ) আয়োজিত ২২তম সম্মেলনে বক্তারা বলেছেন, আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ। এ হার মাত্র ১৮ শতাংশ। যা দক্ষিণ এশিয়ায় ৬৬ শতাংশ।
সম্মেলনের প্রধান বক্তা এপনিকের মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। ফলে আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। নিরাপত্তার জন্য এটা ভালো উদাহরণ নয়।
তিনি বলেন, নেটওয়ার্ক নিরাপত্তা কোনো চয়েজ নয়, এটি থাকতেই হবে। তিনি আরও জানান, আগামী স্যানগ-২০২৭ (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ) বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে দেশীয় বক্তারা বলেন, এজন্য সরকারকে উদ্যোগকে নিতে হবে। সরকার উদ্যোগ নিলেই কাজটা সহজ হয়ে যাবে। আমরা সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে আছি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ, বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, বিশেষ অতিথি ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, বিডিনগ ট্রাস্টি চেয়ার রাশেদ আমিন বিদ্যুৎ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ বলেন,
আইপিভি৬ এর কোনও বিকল্প দেখি না। তিনি আইএসপিএবির মাধ্যমে সারাদেশে এটিকে আরও ছডিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি ইন্ডাস্ট্রি থেকে এ বিষয়ে কোনও প্রস্তাবনা পেলে বিটিআরসি উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি জানান।
বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে গত ১১ নভেম্বর কক্সবাজারে শুরু হয় বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) কারিগরি কর্মশালা। শনিবার (১৪ নভেম্বর) ২২তম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এ আয়োজন।
এই আয়োজনের সহ-আয়োজক দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি, সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)। সম্মেলনের ইন্টারনেট পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড।
আয়োজকরা জানান, ১১ থেকে ১৩ নভেম্বর তিনদিন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর শনিবার ছিল মূল সম্মেলন। বিডিনগের ২২তম আসর বসে কক্সবাজারের লং বিচ হোটেলে।
আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক- এই তিনটা সংগঠন যদি একসাথে কাজ করতে পারে তাহলে দেশের আইএসপি খাতকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিডিনগ-এর মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। কর্মশালায় অ্যাডভান্স রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি এই দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। তিনি আরও জানান, এবারের সম্মেলনে বিদেশি বক্তাদের উপস্থিতি অন্যান্যবারের তুলনায় বেশি ছিল।
স্থানীয় কি-নোট স্পিকার গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও রাজস্ব সেভাবে বাড়ছে না। তিনি তার উপস্থাপনায় এসব থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় প্রদর্শন করেন।
সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ছিল অংশগ্রহণকারীদের। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।
সম্মেলনে এপনিকের (এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার) নির্বাহী কমিটি উপস্থিত থাকায় সবাইকে ধন্যবাদ জানানো হয়।
