চীনের বিখ্যাত বৈদ্যুতিক যানবাহন (EV) নির্মাতা প্রতিষ্ঠান নিউ ওয়েজ অব ওয়ার্ল্ড (এনওডব্লিউ) বাংলাদেশের বাজারে নতুন দুটি ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে। এর মধ্যে একটি মডেল অফ-রোড ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) গাজীপুরের টঙ্গী-পূবাইলের মীরের বাজার এলাকায় একটি রিসোর্টে এনওয়াও উদ্ভাবিত বৈদ্যুতিক বাহন প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে নতুন দুই মডেলের স্কুটার উন্মোচন করা হয়।
এই প্রদর্শনী ও উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক বাহনের এই প্রদর্শনী ও নতুন মডেলের স্কুটারের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ঝাং ইয়ংকাং এবং বিশেষ অতিথি ছিলেন এনওয়াও বাংলাদেশের চেয়ারম্যান কাং লি। এছাড়া এনওয়াও বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ডিলার, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে এনওয়াও-এর মোট পাঁচটি মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রদর্শন করা হয়। মডেলগুলো হলো জিবি-২, টিকে-১০, এসই, সিপিএক্স এবং ভি১১। এর মধ্যে সিপিএক্স এবং ভি১১ মডেল দুইটি প্রতিষ্ঠানের সর্বশেষ সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
পাশাপাশি আসন্ন শিপমেন্টে জিবি-৩ এবং ডব্লিউএসপি নামে আরও দুটি নতুন মডেল দেশের বাজারে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। মডেল ও সংস্করণভেদে এসব ইলেকট্রিক যানবাহনের প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের আস্থা নিশ্চিতে এনওয়াও-এর প্রতিটি বাইকের মোটর ও ফ্রেমসহ ২৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে লিখিত ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে কন্ট্রোলার ও চার্জারে ২ বছর এবং ২৪টি অ্যাকসেসরিজে ৬ থেকে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে অফিশিয়াল নীতিমালা অনুযায়ী রিপ্লেসমেন্ট ও রিপেয়ার সুবিধার পাশাপাশি অনুমোদিত সার্ভিস সেন্টারে আজীবন ফ্রি সার্ভিস লেবার, ১৫ কিলোমিটার এলাকার মধ্যে হোম ও স্পট সাপোর্ট এবং ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আঞ্চলিক সেবা পাওয়া যাবে।
আয়োজকরা জানান, দেশের ক্রমবর্ধমান পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে এবং অংশীদারত্বের নেটওয়ার্ক শক্তিশালী করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশী করপোরেট হেডকোয়ার্টার, রংপুরের আলমনগর সেন্ট্রাল থ্রি-এস হাব ও বগুড়ার সূত্রাপুর আঞ্চলিক শাখা থেকে এসব বাইক কেনা যাচ্ছে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ৬৪ জেলা এবং দুই শতাধিক উপজেলা ও থানায় ডিলার নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
