Home প্রযুক্তি সংগঠন ফ্রিল্যান্সার সামিট ২০২৬: আইসিটি বিভাগ–বাক্কো বৈঠক

ফ্রিল্যান্সার সামিট ২০২৬: আইসিটি বিভাগ–বাক্কো বৈঠক

দেশব্যাপী ফ্রিল্যান্সিং শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ফ্রিল্যান্সারদের জন্য একটি সমন্বিত ও সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো)-এর প্রতিনিধিদলের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাক্কোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব ফয়সল আলিম, সাধারণ সম্পাদক, বাক্কো এবং জনাব আব্দুল কাদের, পরিচালক, বাক্কো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো: তৈয়বুর রহমান, যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ), এবং জনাব মো. মাহ্‌বুব আলম (উপসচিব), পরিচালক (অর্থ এবং প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

সভায় দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে “ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬” আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সামিটের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বর্তমান ও আগ্রহী ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন, বৈশ্বিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ, ক্যারিয়ার গঠন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, এবং ফ্রিল্যান্সার আইডি কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো সরাসরি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া জেলা পর্যায়ের আয়োজনসমূহের ধারাবাহিকতায় ঢাকায় একটি কেন্দ্রীয় ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত এই সামিটে পলিসি ডায়ালগ, সেমিনার, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, সরকারি-বেসরকারি অংশীজনদের মতবিনিময়, প্রযুক্তি ও এআই-ভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল পেমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন এবং ফ্রিল্যান্সিং খাতের বিভিন্ন নীতিগত ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করা হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী ফ্রিল্যান্সিং ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব, যা দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাক্কো দেশের ফ্রিল্যান্সিং, বিপিও ও আইটিইএস শিল্পের টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

Exit mobile version